নোয়াখালীর হাতিয়ায় ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-যুবশক্তি ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে হাতিয়া উপজেলার ওছখালী শহরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তদের বিচারের দাবিতে রাত ৮টার দিকে এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা উপজেলা হাসপাতালের দিক থেকে জিরো পয়েন্টের উদ্দেশে একটি মিছিল বের করেন। একই সময় বিপরীত দিক থেকে যুবদলের আরেকটি মিছিল ওই এলাকায় পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা এবং ছাত্রশক্তির আহ্বায়ক নিয়ামত উল্ল্যাহ নিরব। এছাড়া ইটের আঘাতে আহত হয়েছেন হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, পৌরসভা যুবদল নেতা আশিক এবং শাখাওয়াত হোসেন হিরো।
আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল বের করলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকা স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ৮ মার্চ হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ফারহান-৪ লঞ্চে এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় সোমবার (৯ মার্চ) ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে। অভিযুক্তরা হলেন হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের পশ্চিম বড়দেইল গ্রামের মো. সাকিব উদ্দিন এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোটখালী এলাকার মোহাম্মদ নুরুজ্জামান মিঠু।
