এটা বাংলাদেশের জনগণের সংসদ : তারেক রহমান প্রধানমন্ত্রী

এটা বাংলাদেশের জনগণের সংসদ : তারেক রহমান প্রধানমন্ত্রী

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান জাতীয় সংসদ দেশের জনগণের সংসদ এবং এ সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে দেশের মানুষ। বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আজ থেকে স্পিকার আর কোনো নির্দিষ্ট দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক। দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতান্ত্রিক মানুষ এই সংসদের দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করে তুলতে সবাই কাজ করবেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, গত দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জনগণকে দুর্বল অবস্থায় রাখা হয়েছিল এবং জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে যারা নিজেদের সংসদ সদস্য হিসেবে পরিচয় দিতেন, তারা কেউ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ছিলেন না। কিন্তু বর্তমান সংসদ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত, তাই এটি সত্যিকার অর্থেই জনগণের সংসদ।

তিনি আরও বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং সুনির্দিষ্ট যুক্তি ও গঠনমূলক বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে হবে। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় সংসদের সদস্য হিসেবে সংসদ পরিচালনায় স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শেষে নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্পিকারকে সংসদ সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।