যুদ্ধ বন্ধে ইরানের তিন শর্ত, জানালেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যুদ্ধ বন্ধে ইরানের তিন শর্ত, জানালেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক

চলমান সংঘাত বন্ধে অবশেষে ইরান আলোচনায় রাজি হয়েছে। তবে এজন্য তিনটি শর্ত দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় তিনি এই শর্তগুলোর কথা তুলে ধরেন এবং তেহরান জানিয়ে দিয়েছে—এসব শর্তের ব্যাপারে তারা অনড় অবস্থানে রয়েছে। বুধবার (১১ মার্চ) রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান এই শর্তগুলোর কথা জানান।

এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, আলোচনায় তিনি ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তার মতে, বর্তমান সংঘাতের মূল উসকানিদাতা হলো ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী’ এবং যুক্তরাষ্ট্র।

মাসুদ পেজেশকিয়ানের দেওয়া শর্তগুলো হলো—আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের বৈধ ও ন্যায্য অধিকার স্বীকার করতে হবে। সাম্প্রতিক হামলার ফলে ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন আর কোনো হামলা না ঘটে, সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

বিশ্বজুড়ে যখন এই সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে, ঠিক সেই সময়েই ইরানের পক্ষ থেকে এমন শর্ত সামনে এলো।

এদিকে রাশিয়া ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং পরিস্থিতি শান্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

তবে তেহরান তাদের শর্তের বিষয়ে অনড় অবস্থান নেওয়ায় সংঘাত নিরসনের আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে বুধবার ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, রকেটগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।