জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছে সরকার। কোন দিবস কবে এবং কীভাবে পালন করা হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে এতে।
বুধবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এই পরিপত্র জারি করে। এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের জারি করা সংশ্লিষ্ট পরিপত্র বাতিল করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার আগে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করেছিল। বর্তমান সরকারও সেই সিদ্ধান্ত বহাল রেখেছে।
নতুন পরিপত্রে ক-শ্রেণির দিবস হিসেবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করার কথা বলা হয়েছে। এছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রংপুরে গুলিতে নিহত ছাত্র আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে।
অন্তর্বর্তী সরকারের নেওয়া এই সিদ্ধান্ত বর্তমান সরকারের সময়েও বহাল রাখা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
