রাজধানীর হাতিরঝিল থানার মগবাজারের মধুবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে মধুবাগ ৩ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদা বেগম গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। তিনি বর্তমানে মগবাজারের মধুবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় রাশেদা বেগমকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভবন মালিককে আসামি করে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছে নিহতের পরিবার। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটির নির্মাণকাজ চললেও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নেয়নি ভবন মালিক।
