রংপুরে দেড় বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ) রাতে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিশু জয়দেব ঘোষ ও তার মা সূচনা ঘোষ (৪০)।
পুলিশ জানায়, ওই এলাকার শংকর ঘোষের স্ত্রী সূচনা ঘোষ তার দেড় বছরের ছেলে জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। শংকর ঘোষ একজন শারীরিক প্রতিবন্ধী এবং ক্ষুদ্র মুদি দোকানি।
ঘটনার পর পুলিশ মা ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে শংকর ঘোষ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে তার চিকিৎসাও করানো হয়েছিল।
রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, অভাব-অনটনের কারণে পরিবারে অশান্তি ছিল। পারিবারিক কলহ নাকি মানসিক সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
