আমি এনগেজড, প্রথমবার স্বীকার করলেন পূজা চেরী

আমি এনগেজড, প্রথমবার স্বীকার করলেন পূজা চেরী

বিনোদন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত নতুন সিনেমা ‘দম’। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির টিজারে ভিন্ন লুকে দেখা যাওয়ায় ইতিমধ্যেই আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

ছবিটির প্রচার–প্রচারণার মাঝেই ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনায় এসেছেন পূজা চেরী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

সেখানে পূজাকে প্রশ্ন করা হয় তিনি সিঙ্গেল নাকি এনগেজড। উত্তরে অভিনেত্রী বলেন, “এখানে আমি সত্যিটাই বলব। আমি এনগেজড। এই প্রথম আমি কথাটা বললাম।”

পূজা আরও জানান, যার সঙ্গে তিনি এনগেজড আছেন, তিনি খুবই সহানুভূতিশীল এবং তার পেশাগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখান। মিডিয়ায় কাজ করবেন কি না, সেটি সম্পূর্ণভাবে তার নিজের সিদ্ধান্ত বলেও জানান অভিনেত্রী।

তবে তার হাতে থাকা আংটিটি বাগদানের কি না জানতে চাইলে পূজা বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে বাগদান হয়নি। হলে তার বাম হাতে আংটি থাকত বলেও জানান তিনি।

বিয়ের বিষয়ে জানতে চাইলে পূজা বলেন, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন। পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হবে এবং সময় হলে সবাইকে জানিয়েই বিয়ে করবেন।