রাজধানীর যাত্রাবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২)। তারা দু’জনই কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্পের বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ৮ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছিলেন।
এ ঘটনায় রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
