ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ এবারও বর্ণাঢ্য আয়োজন নিয়ে আসছে। এবারের পর্ব উপস্থাপনা করবেন জনপ্রিয় দুই তারকা মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা। নাচবেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী এবং আনিকা কবির শখ। আয়োজনের নৃত্য পরিবেশনা সাজানো হয়েছে আশির দশক থেকে বর্তমান সময়ের জনপ্রিয় সিনেমার গান ও লোকসঙ্গীতের সঙ্গে বিশেষ কোরিওগ্রাফিতে।
সঙ্গীত পরিবেশনায় থাকছেন কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির এবং চিরকুট ব্যান্ড। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো, কৌতুকশিল্পী আবু হেনা রনির কমেডি এবং যন্ত্রসঙ্গীতে রমজানের রোজার শেষে বিশেষ জিঙ্গেল ও নাটিকা দর্শকদের মনোরঞ্জন করবে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার। বর্ণাঢ্য নাচ, গান, কমেডি ও নানা আয়োজন নিয়ে ‘আনন্দমেলা’ ঈদের দিন রাত ১০টায় বিটিভির পর্দায় সম্প্রচারিত হবে।
