র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন-কে বিশেষ শাখা (এসবি)-এর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে র্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া) মো. আহসান হাবীব পলাশ।
এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ-কে সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। আর সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিগবাত উল্লাহ-কে বদলি করে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ-কে এপিবিএনের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলী-কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার করা হয়েছে।
এছাড়া পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. মনিরুজ্জামান-কে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
