জুলাই যো'দ্ধা'দে'র দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যো’দ্ধা’দে’র দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, জুলাই অভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী ‘জুলাইযোদ্ধাদের’ জন্য দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে। পাশাপাশি আগের সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে। সব বিষয় পর্যালোচনা করে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এর আগে গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। নিয়ম অনুযায়ী, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।