জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোনো বড় ধরনের সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জনগণকে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক চাপ তৈরি হয়েছে, তবে সরবরাহ স্বাভাবিক রয়েছে।
মন্ত্রী বলেন, চাহিদা ও সরবরাহের মধ্যে সাময়িক একটি ব্যবধান তৈরি হয়েছে। চাহিদা বেড়ে গেলেও আগের মতোই সরবরাহ অব্যাহত রয়েছে। ফলে কিছু ক্ষেত্রে সংকটের মতো পরিস্থিতি দেখা দিলেও এটি দীর্ঘস্থায়ী হবে না।
তিনি আরও বলেন, সবাই প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল পাবেন এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অপ্রয়োজনীয় মজুদ না করলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কাজ করে থাকে। তবে বর্তমানে সরকার তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।
