স্কুল-কলেজের ছুটি শেষে চলতে পারে অতিরিক্ত ক্লাস

স্কুল-কলেজের ছুটি শেষে চলতে পারে অতিরিক্ত ক্লাস

শিক্ষা

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামী রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। তবে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বছর শুরুতে পুরো রমজান মাসে ছুটি না থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়। ফলে স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদানে বড় ধরনের বিরতি পড়ে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ১৫ রমজান পর্যন্ত ক্লাস চালু থাকার কথা ছিল। তবে ছুটি নিয়ে শিক্ষকদের অসন্তোষের কারণে শেষ পর্যন্ত পুরো রমজান মাসই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় উল্লেখযোগ্য গ্যাপ তৈরি হয়েছে।

এই শিখন ঘাটতি কাটিয়ে উঠতে অতিরিক্ত ক্লাস নেওয়া বা বিকল্প পদ্ধতিতে পাঠদান চালুর বিষয়টি বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই শিক্ষামন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। চলতি সপ্তাহ অথবা আগামী সপ্তাহের শুরুতেই এ সংক্রান্ত নির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, মাদরাসায় আগে থেকেই পুরো রমজান মাসে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ রমজান পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তে বৈষম্যের অভিযোগ ওঠে। পরে সেই বৈষম্য দূর করতে মাধ্যমিক স্কুলেও পুরো রমজান মাস ছুটি ঘোষণা করা হয়।