কোন ফিলিং স্টেশনে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে আর কোথায় নেই—এ তথ্য এখন এক ক্লিকেই জানা যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। স্থানীয়দের ভোগান্তি কমাতে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন তরুণ উদ্যোক্তা ইনজামাম অপু।
ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই ফটিকছড়ির বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের সর্বশেষ অবস্থা দেখা যাচ্ছে। কোথায় তেল রয়েছে, কোথায় নেই—এমন তথ্য সহজেই জানা যাচ্ছে স্মার্টফোন বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের মাধ্যমে।
তবে ওয়েবসাইটে প্রদর্শিত তথ্যের শতভাগ সত্যতা সরেজমিনে যাচাই করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
উদ্যোক্তা ইনজামাম অপু জানান, স্থানীয় মানুষের সুবিধার্থে তার উদ্যোগে এবং ‘ফটিকছড়ি ডটকম’-এর কারিগরি সহায়তায় এই সিস্টেম চালু করা হয়েছে। এতে সহযোগিতা করছে ফটিকছড়ি উপজেলা প্রশাসনও।
তিনি আরও জানান, ইতোমধ্যে হাজার হাজার মানুষ এই প্রযুক্তি ব্যবহার করছেন। ফলে অযথা ফিলিং স্টেশনে গিয়ে সময় নষ্ট না করে ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে, যা মানুষের ভোগান্তি কমাতে সহায়ক হচ্ছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি তথ্যপ্রাপ্তি সহজ হয়েছে।
