জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সতর্ক করেছে, দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় করবেন না।
শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, পেট্রল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। তাই অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা অত্যন্ত বিপজ্জনক। নিজে সাবধান থাকুন, অন্যকেও সাবধান করুন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় রয়েছে। সরকার এখনো পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি, তাই অতিরিক্ত লাভের আশায় তেল মজুদ করার চেষ্টা করবেন না।
সরকার আন্তর্জাতিক বাজার থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করে সরবরাহ নিশ্চিত করছে। ফলে দেশের জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতির সম্ভাবনা নেই।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সাধারণ জনগণকে সচেতন করতে এই বার্তা টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল, ফেসবুক পেজ এবং প্রিন্ট মিডিয়ায় নিউজ, স্ক্রল ও ফটোকার্ড আকারে প্রচারের জন্য অনুরোধ করেছে।
