জ্বালানি তেলের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

জ্বালানি তেলের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

জাতীয়

জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে অননুমোদিতভাবে তেল মজুদের অপচেষ্টা দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানায়, গত ২৫ মার্চ থেকে দেশের ৯টি জেলার মোট ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপো অন্তর্ভুক্ত রয়েছে।

মোতায়েনকৃত সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রয় প্রতিরোধ এবং যেকোনো নাশকতা ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে বলেও জানানো হয়েছে। বিজিবির দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং যানবাহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।