বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেশের বিভিন্ন ডিপো থেকে পেট্রল পাম্পে জ্বালানি তেল সরবরাহের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরবরাহ কার্যক্রম ২ ঘণ্টা এগিয়ে এনে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিপিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
নতুন সময়সূচি অনুযায়ী, বিপিসির অধীনস্থ প্রধান স্থাপনা ও ডিপো থেকে প্রতিদিন সকাল ৭টায় সরবরাহ কার্যক্রম শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হবে। এর মাধ্যমে ফিলিং স্টেশন, পাম্প ও ডিলার পর্যায়ে জ্বালানি সরবরাহ আরও সুশৃঙ্খল করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এদিকে, জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও তদারকি বাড়াতে দেশের সব পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্তও নিয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবে বিপিসি।
