দেশের সব পেট্রোল পাম্পে 'ট্যাগ অফিসার' নিয়োগের সিদ্ধান্ত

দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

জাতীয়

জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতে দেশের সব পেট্রোল পাম্পে কার্যক্রম তদারকি জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৭ মার্চ অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ দায়িত্ব পালন করবে। অন্যদিকে, অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তারা প্রতিদিনের কার্যক্রম তদারকি করে নিয়মিত প্রতিবেদন জমা দেবেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে সংশ্লিষ্ট তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।