পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের বন্ধু—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক প্রতিষ্ঠানে রূপান্তর করা। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে জনবল বৃদ্ধি এবং বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়েও সরকার কাজ করছে। এছাড়া পুলিশের বর্তমান পোশাক নিয়ে সদস্যদের অসন্তোষের কথা উল্লেখ করে তিনি বলেন, ঐতিহ্যবাহী ও মানসম্মত নতুন পোশাক নির্ধারণে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুল রহমান, উপাধ্যক্ষ ডিআইজি বসু দেব বণিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আহমেদ সাদমান সাকিব। বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট প্রবেশনার ও বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান মো. ফাহিম ফয়সাল। বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করেন মো. আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপ অ্যাওয়ার্ড পান শাওন রেজা এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন বাপী কুমার দাশ।
