যুক্তরাষ্ট্র সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

যুক্তরাষ্ট্র সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

জাতীয়

সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেন বলে রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সফরকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

জানা গেছে, সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান জর্জিয়া স্টেট ক্যাপিটলে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহসী ও প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও অংশ নেবেন বলে জানা গেছে।

সফর চলাকালে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের সামরিক ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।