কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
বিএনপি নেতা ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ মামলা করা হয়। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, মুফতি আমির হামজা প্রকাশ্যে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে আখ্যা দিয়েছেন, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করেছে। এ অভিযোগে দণ্ডবিধির ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
বাদী নাজমুল ইসলাম জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার বিষয়টি শুনে পরবর্তী আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন।
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
