জ্বালানি সংকট মোকাবেলা: সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে

জ্বালানি সংকট মোকাবেলা: সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে

জাতীয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি খাতে চাপ বেড়েছে। নতুন করে তেল সরবরাহ কমে যাওয়ায় বিদ্যমান মজুদ দিয়েই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানো হতে পারে।

পাশাপাশি ওয়ার্ক ফ্রম হোম চালু করা বা অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ইতিমধ্যে সব সরকারি সংস্থাকে নিজস্ব প্রস্তাবনা তৈরি করতে বলা হয়েছে। এসব প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে এবং আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার পাঠানো এক চিঠিতে বলা হয়, সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে আগেও নির্দেশনা দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে মানা হচ্ছে না। তাই নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।