বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই বলে জাতীয় সংসদকে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে একাধিক উৎসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বাইরে নতুন উৎস থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা খুঁজে বের করতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং এতে ইতিবাচক অগ্রগতি আশা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যুদ্ধ শুরুর পর থেকেই সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা বাংলাদেশি মিশনগুলো ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।
