শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৪২ বছর। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়। জানা যায়, ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শুটিং শেষে তিনি তালসারি এলাকায় পানিতে নামলে এক পর্যায়ে বিপদে পড়েন।
সঙ্গে থাকা টেকনিশিয়ানরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় দিঘা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে ময়নাতদন্তের প্রস্তুতির কথাও জানানো হয়েছে।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচী জানান, শুটিং শেষ হওয়ার পর তিনি পানিতে নামেন। হঠাৎ করেই সহকর্মীরা বুঝতে পারেন তিনি বিপদে পড়েছেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
