মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসি দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও গোলসংখ্যা বাড়াতে পারেনি আলবিসেলেস্তারা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল ভোরে জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপের আগে শেষ ম্যাচ হওয়ায় স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়কেই পরখ করে দেখতে চান স্কালোনি।
একই দিনে মাঠে নামছে ব্রাজিলও। ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের পর এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। বিশ্বকাপের আগে ৭ জুন মিসরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ থাকলেও দল চূড়ান্ত করার আগে ক্রোয়েশিয়া ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে।
জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সহজ জয় প্রত্যাশা করছে আর্জেন্টিনা। তবে মেসি শুরু থেকে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আগের ম্যাচে যারা সুযোগ পাননি, তাদের এই ম্যাচে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে কোচের।
গোলপোস্টে জেরোনিমো রুল্লিকে দেখা যেতে পারে, বিশ্রামে থাকতে পারেন নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। রক্ষণভাগে থাকতে পারেন নিকোলাস ওতামেন্দি, তাগলিয়াফিকো, অগাস্টিন গিয়াই ও লুকাস মার্তিনেস। তরুণ ভ্যালেন্টিন বার্কো বদলি হিসেবে সুযোগ পেতে পারেন।
মিডফিল্ডে দায়িত্বে থাকতে পারেন লেয়ান্দ্রো পারেদেস, গুলিয়ানো সিমিওনে, এজেকুয়েল পালাসিও ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। মেসি শুরু থেকে না খেললে আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের সঙ্গে ফ্লাকো লোপেজকে দেখা যেতে পারে।
অন্যদিকে, আগের ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে চাইছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলোত্তির অধীনে এখনো সেরা ছন্দ খুঁজে পায়নি দলটি। চোটের কারণে ছিটকে গেছেন ফরোয়ার্ড রাফিনিয়া, আর জাতীয় দলে ধারাবাহিকতা পাচ্ছেন না ভিনিসিয়ুস জুনিয়রও। ফলে চিন্তায় রয়েছেন কোচ। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় সেলেসাওরা।
