হরমুজ প্রণালি দিয়ে আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। জাহাজগুলো নিরাপদে দেশে ফেরাতে ঢাকা ও তেহরান যৌথভাবে কাজ করছে। বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।
তিনি জানান, বাংলাদেশিদের ফেরত আনতে সহযোগিতা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিবৃতি নিয়ে ইরানের কিছু অসন্তোষ থাকলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি দেওয়া হবে না।
রাষ্ট্রদূত বলেন, ইরান বাংলাদেশকে বন্ধুপ্রতিম দেশ হিসেবে দেখে এবং কঠিন সময়ে পারস্পরিক সহযোগিতা প্রত্যাশা করে।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং মুসলিম বিশ্বের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকার সমালোচনা করেন এবং যুদ্ধ পরিস্থিতির জন্য তাদের দায়ী করেন।
এ সময় তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরান কাজ করছে এবং আঞ্চলিক পরিস্থিতির মধ্যেও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রাষ্ট্রদূত আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, অনেক ক্ষেত্রে এসব সংস্থা শক্তিশালী দেশগুলোর প্রভাবাধীন হয়ে কাজ করে।
