বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছাকে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ ও র্যাব-৬ এর যৌথ দল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুটি ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ. রশিদ খানের মেয়ে। গ্রেপ্তার নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, বুধবার সকাল ১১টার দিকে নয়নের স্ত্রী প্রতিবেশী হিসেবে শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে।
পরিবারের পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নয়ন অসংলগ্ন কথা বলেন এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করেন। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেন বলে অভিযোগ করা হয়।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খুলনার একটি স্থান থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং অভিযুক্ত নয়ন শেখকে আটক করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
