মালদ্বীপে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মালদ্বীপে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জাতীয়

মালদ্বীপে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এতে দুই দেশের মধ্যে শ্রমবাজারে সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি উল্লেখ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বুধবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী ১২ মার্চ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’-এর মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়াকে স্বাগত জানান। তিনি বলেন, এই ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ ও জনগণের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।এ সময় রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পাশাপাশি সার্কের আওতায় আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন।

মালদ্বীপের হাইকমিশনার বাংলাদেশের কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং বিশেষ করে স্বাস্থ্যখাতে বাংলাদেশি পেশাজীবী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে মালদ্বীপের অংশগ্রহণের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।