অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে টালিগঞ্জের বিনোদন অঙ্গনে শোকের পাশাপাশি ক্ষোভও বাড়ছে। ঘটনার পাঁচ দিন পর অবশেষে আইনি পদক্ষেপ নিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শনিবার (৪ এপ্রিল) দুপুরে শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে নিয়ে তিনি রিজেন্ট পার্ক থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার রাতে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে শিল্পী সংগঠনের জরুরি বৈঠকে রাহুলের মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্তসহ টালিগঞ্জের বিশিষ্ট শিল্পীরা।
ভারতীয় গণমাধ্যম জানায়, নিরপেক্ষ তদন্তের দাবিতে ‘জাস্টিস ফর রাহুল’ শিরোনামে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শিল্পী, কলাকুশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আয়োজকরা এ কর্মসূচিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত গত রবিবার, যখন ওডিশার তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ঘটনার ভিন্ন ভিন্ন দিক উঠে এলেও এখনো স্পষ্ট কোনো চিত্র পাওয়া যায়নি।
কেউ দাবি করছেন, দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার পর তাকে উদ্ধার করা হয়, আবার কেউ বলছেন, সহ-অভিনেত্রীকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এদিকে প্রযোজনা সংস্থার দেওয়া তথ্য ও শুটিংয়ের ভিডিও ফুটেজের মধ্যে অসংগতির অভিযোগ ওঠায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে শিল্পী সংগঠন এর আগেই প্রযোজনা সংস্থাকে চিঠি দিলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে অনুষ্ঠিত আরেকটি বৈঠকেও নিরপেক্ষ তদন্তের দাবি জোরালোভাবে তোলা হয়।
রাহুলের এই অকাল মৃত্যু এখনো ধোঁয়াশায় ঘেরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং এতে কার অবহেলা ছিল—এ প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বিনোদন অঙ্গন।
