জ্বালানি চাহিদা মেটাতে ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন আমদানির অনুমোদন

জ্বালানি চাহিদা মেটাতে ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন আমদানির অনুমোদন

জাতীয়

বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি চাহিদা পূরণে বড় পরিসরে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রায় ১৬ লাখ মেট্রিক টন ডিজেল ও ১ লাখ মেট্রিক টন অকটেন আমদানির জন্য নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত কমিটির অষ্টম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তিনটি পৃথক প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়েছে।

প্রথম প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও থেকে ১০ লাখ মেট্রিক টন এন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন (গ্যাসোলিন-৯৫ আনলেডেড) আমদানি করা হবে।

দ্বিতীয় প্রস্তাবে একই পদ্ধতিতে ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল (এজিও) আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

সরকার বলছে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।