ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু করতে চায় বর্তমান সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে এসে নতুন কাঠামোয় দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
হুমায়ুন কবির জানান, বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তিনি বলেন, “দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির প্রক্রিয়া এগিয়ে নিতে আমরা আশাবাদী।”
সাবেক আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগের সময়ের সম্পর্কের ধারা এখন আর বহাল নেই এবং নতুন বাস্তবতায় সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এদিকে আসন্ন ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ অংশ নিতে মঙ্গলবার (৭ এপ্রিল) ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপদেষ্টা আরও জানান, এ সফরে সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যু এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
