ব্যবসায়ীদের অনুরোধে দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।
সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা দোকান খোলা রাখার সময় বাড়ানোর অনুরোধ জানান। পরে সেই অনুরোধ বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও একই সময়সীমা অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হলো।
