এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহীর অচমকা পদত্যাগ

এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহীর অচমকা পদত্যাগ

আন্তর্জাতিক

এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাম্পবেল উইলসন পদত্যাগ করেছেন। ২০২৫ সালে একটি দুর্ঘটনায় ২২৬ জনের প্রাণহানির পর থেকে ক্রমবর্ধমান লোকসান, পরিচালনাগত সংকট ও বিভিন্ন সীমাবদ্ধতার প্রেক্ষাপটে তার এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। সিঙ্গাপুরভিত্তিক দ্য স্ট্রেইটস টাইমস মঙ্গলবার (৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার এই নেতৃত্ব পরিবর্তনের খবর এমন সময়ে এলো, যখন প্রতিদ্বন্দ্বী এয়ারলাইনস ইন্ডিগো নতুন সিইও হিসেবে এভিয়েশন খাতে অভিজ্ঞ উইলি ওয়ালশকে নিয়োগ দিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনা সংকটের কারণে ভারতের দুই বৃহৎ বিমান সংস্থাই বর্তমানে চাপের মুখে রয়েছে।

এর আগে রয়টার্স জানুয়ারিতে এক প্রতিবেদনে জানায়, এয়ার ইন্ডিয়ার পরিচালনা পর্ষদ উইলসনের পরিবর্তে নতুন সিইও খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। ২০২২ সালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাবেক কর্মকর্তা উইলসনকে এয়ার ইন্ডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রতিষ্ঠানটিকে লোকসান থেকে বের করে আনতে।

বর্তমানে এয়ার ইন্ডিয়া নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। নিরাপত্তা ত্রুটি ছাড়াও বিভিন্ন অপারেশনাল সমস্যার অভিযোগ উঠেছে সংস্থাটির বিরুদ্ধে। তবে উইলসনের পদত্যাগের বিষয়ে নিশ্চিত হতে রয়টার্স এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।