নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশের তাশফী, গান ভাইরাল!

নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশের তাশফী, গান ভাইরাল!

বিনোদন

বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী তাশফী বলিউডের সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা নোরা ফাতেহি এবং র‍্যাপার বাদশাহর সঙ্গে ‘সাজনা রে’ শিরোনামের গানে তার কণ্ঠ ইতিমধ্যেই আলোচনায় এসেছে।

ভারতের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ থেকে গানটি ৩ এপ্রিল প্রকাশিত হওয়ার পরপরই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়েই এর ভিউ ৭৬ লাখ ছাড়িয়ে গেছে।

গানটির সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের তরুণ সঙ্গীত পরিচালক সঞ্জয়। পুরো গানের কথা, বিশেষ করে র‍্যাপ অংশ, লিখেছেন বাদশাহ নিজেই। আধুনিক সাউন্ড, জমকালো মিউজিক ভিডিও এবং জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে ‘সাজনা রে’ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

তাশফী জানান, এই বড় প্রজেক্টে যুক্ত হওয়া তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। ঢাকায় থাকার সময় হঠাৎ সঞ্জয় তাকে স্টুডিওতে ডেকে গানটি রেকর্ড করতে বলেন। সে সময় তিনি জানতেন না যে পরবর্তীতে বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা এতে যুক্ত হবেন। গান প্রকাশের পর বিষয়টি জানতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসিত হয়েছেন।

তাশফী বলেন, “বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিতে, তাও আবার টি-সিরিজের ব্যানারে প্রথম কাজ, এটা আমার জন্য স্বপ্নপূরণের মতো।” তিনি আরও জানান, এই সাফল্যের পেছনে দীর্ঘদিনের পরিশ্রম ও অপেক্ষার গুরুত্ব রয়েছে এবং তিনি পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি ভবিষ্যতে আরও আন্তর্জাতিক মানের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।