দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানার জন্মদিনে ভক্তদের জন্য নতুন চমক এনেছেন নির্মাতারা। আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে, যা প্রকাশ করছে এই অভিনেত্রীকে এক ভিন্ন ও শক্তিশালী রূপে।
সাদাকালো পোস্টারে রাশমিকাকে দেখা গেছে একেবারে অন্য অবতারে—মুখে আঘাতের চিহ্ন, চোখে তীব্র প্রতিশোধের আগুন। সব মিলিয়ে চরিত্রটি কঠিন ও লড়াকু হওয়ায় ভক্তদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
নির্মাতা রবীন্দ্র পুল্লে পোস্টার শেয়ার করে লিখেছেন, “তিনি মায়া দিয়ে শাসন করেছেন, লাবণ্য দিয়ে জয় করেছেন; এবার আসছেন রণচণ্ডী মূর্তিতে। রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী অভিনয় দেখার জন্য প্রস্তুত হোন।”
‘মাইসা’ সিনেমাটি উপজাতীয় পটভূমিতে নির্মিত হচ্ছে এবং এতে থাকবে অ্যাকশন ও আবেগের মিশেল। আনফর্মুলা ফিল্মসের প্রযোজনায় তৈরি এই ছবিটি ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।
ব্যক্তিগত জীবনেও রাশমিকার জন্য নতুন অধ্যায় শুরু হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর ৪ মার্চ হায়দরাবাদে চলচ্চিত্র অঙ্গনের বন্ধুদের জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনার।
শুধু তাই নয়, সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেশজুড়ে মিষ্টি বিতরণ এবং বিভিন্ন মন্দিরে অন্নদানও করেছেন এই তারকা দম্পতি।
