ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী সাওদা সুমিকে গ্রেপ্তারকে মানবাধিকার পরিপন্থী বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান। তিনি বলেন, গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে ভোলা পৌর এলাকায় নিজ বাসা থেকে সাওদা সুমিকে গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার সমালোচনামূলক পোস্ট দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যা অন্যায়, অমানবিক ও নিন্দনীয়। তিনি এ ঘটনাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত একটি নাগরিক অধিকার। সরকারবিরোধী মত প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী এবং আইনের শাসনের ওপর আঘাত।
সরকার বিরোধী মত দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে—এমন অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলতে পারে এবং মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে।
বিবৃতিতে দেশের নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, আইনজীবী ও সাংবাদিকদের পাশাপাশি আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানানো হয়, যাতে তারা মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় সোচ্চার হন।
সাওদা সুমির গ্রেপ্তারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
