দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, সবচেয়ে বেশি ডিজেল : জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, সবচেয়ে বেশি ডিজেল : জ্বালানিমন্ত্রী

জাতীয়

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে মজুদ থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল, যার পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেনের মজুদ ১০ হাজার ৫০০ টন এবং পেট্রলের মজুদ রয়েছে ১৬ হাজার টন।

তিনি আরও জানান, এপ্রিল মাসে দেশে আরও জ্বালানি তেল আমদানি হওয়ার কথা রয়েছে, যা মজুদ পরিস্থিতিকে আরও স্থিতিশীল রাখবে।

অবৈধ মজুদ প্রতিরোধে সরকারের চলমান কার্যক্রম সম্পর্কেও তথ্য তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, গত ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত মাসে সরকার দাম সমন্বয় করে বাড়ায়নি। তবে মে মাসের জন্য জ্বালানির মূল্য নির্ধারণ নিয়ে কাজ চলছে। প্রয়োজন হলে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দাম সমন্বয় করা হবে।