স্টেডিয়াম পরিদর্শনের জন্য বুধবার (৮ এপ্রিল) বগুড়া ও টাঙ্গাইল সফরে যাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ বিষয়ে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত সফরসূচি জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী সকাল ৮টায় ঢাকার পল্লবীর বাসভবন থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেবেন। সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে তিনি টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন করবেন।
এরপর সকাল ১১টায় তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। দুপুর ১টা ৩০ মিনিটে বগুড়ায় পৌঁছে শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করবেন। দুপুর ২টায় মধ্যাহ্ন বিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
সফর শেষে বিকেল ৫টায় প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং রাত ৯টা ৩০ মিনিটে নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
প্রতিমন্ত্রীর এই সফরে তার একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সঙ্গে থাকবেন। সফরকে ঘিরে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
