ভিসা ও কনস্যুলার সেবা নিয়ে ১৩ দেশের যৌথ সতর্কবার্তা

ভিসা ও কনস্যুলার সেবা নিয়ে ১৩ দেশের যৌথ সতর্কবার্তা

জাতীয়

ভিসা, পারমিট ও কনস্যুলার সেবা নিতে আগ্রহী বাংলাদেশিদের জন্য যৌথভাবে বিশেষ সতর্কবার্তা দিয়েছে ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় জার্মান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কতা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পেতে আবেদনকারীদের অবশ্যই সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কোনো ধরনের শর্টকাট বা অননুমোদিত পদ্ধতি ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সতর্কবার্তা দেওয়া দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

বিবৃতিতে জাল নথি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি লাইসেন্সবিহীন বা অবিশ্বস্ত এজেন্টের শরণাপন্ন না হতে এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। এসব অনিয়মের কারণে আবেদন প্রক্রিয়া বিলম্বিত হওয়া, আর্থিক ক্ষতি কিংবা সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়।

এছাড়া কোনো দেশের দূতাবাস বা মিশন মধ্যস্বত্বভোগী এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও স্পষ্ট করা হয়েছে। যারা ভিসা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবি করে, তাদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বচ্ছ ও সুষ্ঠু আবেদন প্রক্রিয়া নিশ্চিত করতে আবেদনকারীদের সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট ও দাপ্তরিক মাধ্যম থেকে তথ্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।