লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তের মেইন পিলার ৮৭৪/৫ এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (৪৯) উপজেলার ধবলগুড়ি এলাকার পূর্ব পানিয়াটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আলী হোসেনসহ সাত থেকে আটজনের একটি দল ভারতীয় অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন। পরে তার মরদেহ ভারতীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, নিহতের মরদেহ ফেরত আনার জন্য ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের চেষ্টা চলছে।
