যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় ৪০ দিন ধরে আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ সৌদি আরবের বন্দর ছেড়ে গত বুধবার যাত্রা শুরু করেছিল। তবে হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছানোর পরও জাহাজটিকে পার হওয়ার অনুমতি দেয়নি ইরান।
জানা গেছে, শুক্রবার সকালে ইরান সরকারের কাছে প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হলে তা প্রত্যাখ্যান করা হয়। এরপর জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতির জন্য কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করা হয়েছে। তবে এখনো কোনো অনুমতি মেলেনি। বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে।
পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে সংযুক্ত আরব আমিরাতের শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। জাহাজটিতে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।
