সারা দেশে গত এক মাসে সড়ক, নৌ ও রেলপথ দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। এ সময়ে মোট ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত এবং ২ হাজার ২২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে Road Safety Foundation। শনিবার সকালে সংগঠনটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৬৬ জন নারী এবং ৯৮ জন শিশু রয়েছে। প্রতিবেদনের তথ্য ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদপোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
একই সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি ৪৮টি রেলপথ দুর্ঘটনায় ৬৭ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন।
যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যেখানে ২০৪ জন নিহত হয়েছেন। এছাড়া ইজিবাইক, সিএনজি ও অটোরিকশাসহ তিন চাকার যানবাহনে ৯৪ জন, প্রাইভেট কার ও মাইক্রোবাসে ৪৬ জন এবং বাসে ৪৫ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাগুলোর মধ্যে অধিকাংশই ঘটেছে জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে। প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন, অদক্ষ চালক, সড়কের ত্রুটি এবং নিয়ন্ত্রণহীন মানসিকতা।
বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে, অন্যদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে।
