যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন।
শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সূত্রগুলো ধারণা করছে—বেইজিং ইরানে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ম্যানপ্যাডস) সরবরাহ করতে পারে। এসব অস্ত্র সরাসরি চীন থেকে না পাঠিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনাও থাকতে পারে, যাতে উৎস গোপন রাখা যায়।
এই সম্ভাব্য পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারণ, সাম্প্রতিক সময়ে চীন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার কথা বললেও এমন উদ্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে চীন। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, চীন কখনোই সংঘাতে জড়িত কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করে না এবং এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
