ট্রাম্পের বক্তব্য ‘মিথ্যা’, হরমুজ প্রণালি নিয়ে কড়া হুঁশিয়ারি ইরানের

ট্রাম্পের বক্তব্য ‘মিথ্যা’, হরমুজ প্রণালি নিয়ে কড়া হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্পের বক্তব্যে কোনো সত্যতা নেই। এ তথ্য জানিয়েছে তাসনিম সংবাদ সংস্থা।

গালিবাফ বলেন, ট্রাম্প এক ঘণ্টার মধ্যে সাতটি দাবি করেছেন এবং সাতটিই মিথ্যা। এই মিথ্যাচার দিয়ে তারা যুদ্ধে জিততে পারেনি, আলোচনাতেও কোনো ফল পাবে না।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। তার ভাষ্য, হরমুজ প্রণালি দিয়ে চলাচল হবে নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে।

গালিবাফ বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে কি না, কিংবা কী নিয়মে চলাচল হবে—এসব সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, বরং বাস্তব পরিস্থিতির ভিত্তিতে নির্ধারিত হবে।

চলমান উত্তেজনার মধ্যে তিনি আরও বলেন, জনমত প্রভাবিত করতে গণমাধ্যম যুদ্ধও সংঘাতের একটি বড় অংশ। তবে ইরানি জনগণ এসব কৌশলে প্রভাবিত হবে না বলেও দাবি করেন তিনি।

সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে গালিবাফ বলেন, প্রকৃত ও সঠিক তথ্য জানতে হলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত মধ্যস্থতাকারী আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মোহাম্মদ বাঘের গালিবাফ।