দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৩ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৬ শিশুর। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ২২৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে মোট ৩৪ হাজার ৬৬২ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৩৪৮ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ হাজার ৯৯১ শিশু।
একই সময়ে দেশে মোট ৪ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়ছে। তাই অভিভাবকদের আরও সতর্ক হতে হবে এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে। পাশাপাশি টিকাদান কার্যক্রম আরও জোরদারের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
