যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর দেহাবশেষ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ জাতীয় সংসদে জামালপুর-২ আসনের সরকারি দলের সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর থেকেই ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করছে। নিহতদের পরিবার, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি নিহত শিক্ষার্থীদের দেহাবশেষ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম সরকারের বিশেষ তদারকিতে রয়েছে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ দূতাবাসগুলোকে শুধু দাপ্তরিক কার্যক্রমের কেন্দ্র নয়, বরং প্রবাসীদের জন্য আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, বিশেষ করে যুদ্ধকবলিত অঞ্চলসহ বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের উদ্ধার, নিরাপদ আশ্রয় এবং প্রত্যাবাসনের জন্য কনস্যুলার সহায়তা আরও জোরদার করা হয়েছে।
বিশ্বের যেকোনো প্রান্তে বাংলাদেশিদের ওপর সহিংসতা বা নিরাপত্তাহীনতার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আশ্বস্ত করেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
