ইরান পরিস্থিতির প্রভাবে পানামা খালে জাহাজ চলাচল বেড়েছে, বেড়েছে খরচও

ইরান পরিস্থিতির প্রভাবে পানামা খালে জাহাজ চলাচল বেড়েছে, বেড়েছে খরচও

আন্তর্জাতিক

ইরান পরিস্থিতির কারণে বৈশ্বিক বাণিজ্য রুটে পরিবর্তন দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা পানামা খালেও। সেখানে জাহাজ চলাচলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে খাল কর্তৃপক্ষ।

বুধবার (২৯ এপ্রিল) পানামা খাল কর্তৃপক্ষের অর্থ বিভাগের প্রধান ভিক্টর ভিয়াল জানান, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত আগের বছরের তুলনায় প্রায় ৩০০টি বেশি জাহাজ এই জলপথ ব্যবহার করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক বৈঠকে ভিক্টর ভিয়াল জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরান সংশ্লিষ্ট উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে অনেক বাণিজ্যিক জাহাজ বিকল্প রুট বেছে নিচ্ছে। এতে করে পানামা খাল হয়ে তুলনামূলক নিরাপদ ও দ্রুত পথ ব্যবহার বাড়ছে।

তবে এই রুট ব্যবহারে খরচও বেড়েছে। খাল পার হতে জাহাজভেদে গড়ে ৩ থেকে ৪ লাখ মার্কিন ডলার ব্যয় হচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, দ্রুত পারাপারের সুবিধা নিতে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ফি দিয়ে খরচ ৪ লাখ ২৫ হাজার ডলার পর্যন্ত পৌঁছাচ্ছে।