পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ওসি, ডিউটি অফিসারসহ অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি সাধারণ মানুষ যেন সহজে ও হয়রানিমুক্তভাবে সেবা পায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল দায়িত্ব, তাই দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।