দীর্ঘ আইনি লড়াই শেষে স্পেনের কর কর্তৃপক্ষের বিরুদ্ধে বড় জয় পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা Shakira। তার ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরোর জরিমানা অবৈধ ঘোষণা করে অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পেনের ন্যাশনাল হাই কোর্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ২০১১ সালে শাকিরা স্পেনে অন্তত ১৮৩ দিন অবস্থান করেছিলেন—এমন পর্যাপ্ত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে দেশটির কর কর্তৃপক্ষ। অথচ স্পেনে কাউকে ‘ট্যাক্স রেসিডেন্ট’ হিসেবে বিবেচনা করতে বছরে ন্যূনতম ১৮৩ দিন দেশটিতে অবস্থান বাধ্যতামূলক।
আদালতের রায়ের পর শাকিরা প্রতিক্রিয়ায় বলেন, “অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গত আট বছর ধরে তাকে ইচ্ছাকৃতভাবে জনসমক্ষে টার্গেট করা হয়েছে, যার প্রভাব পড়েছে তার মানসিক স্বাস্থ্য ও পরিবারের ওপর।
আদালতের নির্দেশনা অনুযায়ী ফেরত দেওয়া অর্থের মধ্যে রয়েছে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং প্রায় ২৫ মিলিয়ন ইউরো জরিমানা। কর কর্তৃপক্ষ ‘গুরুতর কর লঙ্ঘনের’ অভিযোগে এই অর্থ আদায় করেছিল।
তবে বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। স্পেনের কর বিভাগ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হবে না।
শাকিরার আইনজীবীরা আদালতে যুক্তি দেন, ২০১১ সালে বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে থাকা তার পক্ষে সম্ভব ছিল না। কারণ ওই সময় তিনি বিশ্ব সফরে ব্যস্ত ছিলেন এবং ৩৭টি দেশে ১২০টি কনসার্টে অংশ নিয়েছিলেন।
এ ছাড়া তাদের দাবি, ওই বছরে স্পেনে শাকিরার কোনো স্থায়ী বাসস্থান, সন্তান কিংবা ব্যবসায়িক সদর দপ্তর ছিল না। পরে সাবেক ফুটবলার Gerard Piqué–এর সঙ্গে সম্পর্কে থাকার সময় তাদের দুই সন্তান জন্ম নেয় ২০১৩ ও ২০১৫ সালে। ২০২২ সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি।
