মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি শুরুটা জয় দিয়েই করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

বাংলাদেশ সময় রোববার (৭ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে গোল করেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে।

হাজারো আর্জেন্টাইন সমর্থকের উপস্থিতিতে ম্যাচটি অনুষ্ঠিত হলেও মাঠে দেখা যায়নি দলের অধিনায়ক লিওনেল মেসিকে। পেশির ক্লান্তি থেকে পুনরুদ্ধারের প্রক্রিয়ায় থাকায় পুরো ম্যাচেই বেঞ্চে ছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা।

ম্যাচের ৩৭তম মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর ওপর করা ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ।

বিরতির পর ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ানো সিমিওনে। লাউতারোর দারুণ ব্যাকহিল পাস থেকে কাছাকাছি দূরত্ব থেকে বল জালে জড়িয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।

দ্বিতীয় গোলের পর একাধিক পরিবর্তন আনেন কোচ স্কালোনি। তবে পুরো ম্যাচেই বিশ্রামে রাখা হয় মেসিকে। গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে সামান্য চোট পাওয়ার পর থেকেই সতর্কতার সঙ্গে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ম্যাচের আগে স্কালোনি জানিয়েছিলেন, মেসির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো এবং তিনি দলের সঙ্গে আংশিক অনুশীলনও করেছেন। তবে বিশ্বকাপের আগে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।